
ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত উড়োজাহাজে থাকা ১৭৬ জন আরোহী নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
আইআরএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬৭ জন যাত্রী এবং নয়জন ক্রু সদস্য।
স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে তেহরানের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটি ইউক্রেন এয়ারলাইন্সের।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএন জানিয়েছে, উড়োজাহাজটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
এই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কোনো সম্পর্ক আছে কি না, সে তথ্য এখন পর্যন্ত (বুধবার দুপুর ১২টা) কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।