ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের পূর্বাঞ্চল। শেষ পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও শতাধিক। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের রিখটার স্কেল মাত্রা ছিল ৬.৮। এর কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের পূর্বে অবস্থিত এলাজিগ প্রদেশের একটি ছোট শহর সিভরাইস। খবর এএফপির
প্রত্যক্ষদর্শী ৪৭ বছর মেলাহাত ক্যান এএফপি বলেন, খুবই ভয়াবহ অভিজ্ঞতা। ভূমিকম্পের কারণে বাড়ির সব আসবাব আমাদের ঘাড়ের ওপর পড়ে যায়। কোনও রকমে প্রাণ হাতে করে বাড়ির বাইরে বেরিয়ে আসি।
ভূমিকম্পের পর তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান টুইটারে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে সরকার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব মানুষ ও নিহতদের পরিবারকে যথাসম্ভব সাহায্য করা হবে।
দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এএফএডি) জানিয়েছে, ইরাক ও সিরিয়া সীমান্তের কাছে পূর্ব ইরাকের বেশ কিছু অংশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।