Thursday, August 27

আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর-রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন

0

আগামী ১৪ মার্চ যমুনা নদীর উপর দ্বিতীয় বঙ্গবন্ধু ডুয়েলগেজ ডাবল লাইন রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রেল সেতুটি উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে যমুনা নদীর পাড়ে গিয়ে এই রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে। তবে এখনো তা ফাইনাল হয়নি। এরইমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু সেতুর কাজ করবে।

রেল ভবনের সম্মেলন কক্ষে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনের ট্রিপ বাড়ানোর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন নূরুল ইসলাম সুজন আরো বলেন, চলতি মাস থেকেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের ট্রিপ বাড়ছে। এতে দু’দেশের জনগণই উপকৃত হবেন।

বাংলাদেশ-ভারতের মধ্যকার আরো নতুন দুটি ট্রেন চালানোর কথা ভাবছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘রাজশাহীর মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে রাজশাহী থেকে শিয়ালদা পর্যন্ত আমরা নতুন ট্রেন চালু করতে চাই, কিন্তু ভারত চাইছে রাজশাহী থেকে হাওড়া পর্যন্ত। তবে আমরা গুরুত্ব দিচ্ছি শিয়ালদা পর্যন্ত। পাশাপাশি চিলাহাটি-হলদিবাড়ি সাত কিলোমিটার রেললাইন চালু হলে এই বছরেই আমরা ঢাকা থেকে শিলিগুড়ি ট্রেন চালু করতে পারবো।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.