আজ করোনা মোকাবেলায় সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স 

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য আজ রবিবার ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা।  একটি সূত্র জানিয়েছে, আজ রবিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সটি হতে পারে।

জানা গেছে, দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য গত শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি টুইটারে লেখেন, করোনাভাইরাস ঠেকাতে আমি সার্ক দেশগুলোর নেতাদের একটি শক্তিশালী কৌশল গ্রহণের প্রস্তাব করছি। আমাদের জনগণকে সুস্থ রাখার স্বার্থে আমরা এ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সুস্থ পৃথিবীর জন্য সম্মিলিতভাবে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি। মোদির আহ্বানের পরপরই এতে সম্মতি জানায় বাংলাদেশ। এরপর সার্কের অন্যান্য দেশও রাজি হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। আর মারা গেছেন  ৫,৬১৭ জন। এর মধ্যে চীনে ৩১৮৯ জন, ইতালিতে ১২৬৬ জন ও ইরানে ৬১১ জন মারা গেছেন। বাকিগুলো অন্যান্য দেশে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.