জেলা প্রতিনিধি, নাটোরঃ করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর জেলা প্রশাসন জরুরীভাবে আটটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোববার (২২ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধ ও করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ-এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- ১। যে কোনো মূল্যে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে হবে। ২। চা-দোকান, রেস্তোরাঁ সমূহে বসে খাবার গ্রহণ করা যাবে না। তবে পার্সেল আকারে ক্রয়-বিক্রয় করা যাবে। ৩। কোন হোটেল, চায়ের দোকান বা অন্য কোনো দোকানে টিভি/ক্যারম বোর্ড রাখা যাবে না। ৪। সাপ্তাহিক বড় হাটসমূহ আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে সেখানে প্রতিদিন প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে। ৫। স্ব-স্ব বিভাগ নিজেদের প্রয়োজনে পিপিএ-এর ব্যবস্থা করতে হবে। ৬। জেলা ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থান করে প্রশাসনকে সহায়তা করবেন। ৭। ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন বিবেচনা ও গণ জমায়েত এড়ানোর স্বার্থে এ জেলার এনজিও কর্তৃপক্ষ সমূহকে তাদের লোনের কিস্তি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়। ৮। জনসাধারণকে বিনা প্রয়োজনে যত্রতত্র ঘরের বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানানো হয়।