ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর আক্রান্তের কয়েক ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এল।
শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তার টুইটারে বলেন, আমার শরীরে করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন আমি স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।
এর আগে ব্রিটিশ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেয়।
শুক্রবার আইসোলেশনে থেকে বিষয়টি নিশ্চিত করে বরিস জনসন যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে টুইটবার্তায় বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গগুলো বৃদ্ধি পাওয়ার পর আমার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।
টুইটবার্তায় করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এখন সেলফ আইসোলেশনে আছি, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব। করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই মিলে এক সঙ্গে লড়াই করব’।