Wednesday, August 19

আদিতমারীতে কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রিয়াজুল ইসলাম (৫০) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (০৬ এপ্রিল) সকালে উপজেলার সাড়পুকুর ইউনিয়নের কদমতলা ব্রীজ এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত কলেজ শিক্ষক রিয়াজুল ইসলাম ওই গ্রামের মৃত কেছমত আলীর ছেলে। তিনি উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে ভাইদের সাথে বিরোধ চলে আসছে কলেজ শিক্ষক রিয়াজুলের পরিবারের। গত শনিবার (৪ এপ্রিল) চাচির সাথে বিরোধে জড়ানোর দায়ে শাসন করতে গিয়ে তার কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে গুরুতর জখম করেন রিয়াজুল। এরপর তার স্ত্রী ও ছেলে আহত মেয়েকে নিয়ে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে স্ত্রী ও ছেলে মেয়েরা অবস্থান করায়  রোববার (৫ এপ্রিল) রাতে বাড়িতে একা ছিলেন কলেজ শিক্ষক রিয়াজুল ইসলাম।

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা নিজ বাড়িতে রিয়াজুলের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত কলেজ শিক্ষক রিয়াজুলের শ্যালক জামিনুর রহমান বলেন, রিয়াজুলের সাথে তার ভাইদের অবনতি ছিল দীর্ঘ দিনের। আহত  ভাগ্নির সাথে রংপুর হাসপাতালে ছিলেন বোন ও ভাগিনা। তাই রাতে বাড়িতে একা ছিলেন রিয়াজুল। তাকে হত্যা করে কেউ ঝুলে রেখেছে বোন/ভাগ্নিকে ফাঁসাতে। মাথা রশিতে ঝুলে থাকলেও পা বিছানায় পড়ে রয়েছে। হত্যাকারীরা আত্নহত্যার নাটক সাজাতে এমনটা করতে পারে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.