কিকিউ মারমা, বান্দরবান: বিশ্বের মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) সংকট মোকাবেলায় পার্বত্য জেলা বান্দরবানে এবার বৌদ্ধ ধর্মলম্বীদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বর্ষবরণ সাংগ্রাই ও বৈসাবি পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এই ঘোষণা প্রদান করেন।
তিনি জানান, কোনমতেই জনসমাগম না ঘটিয়ে সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র বৌদ্ধ মন্দিরগুলোতে প্রার্থনা পূজা পালন করা হবে। কোন জায়গায় কোন সামাজিক উৎসব হবে না। এছাড়াও তিনি সকলের নিরাপত্তার জন্য জনসমাগম থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও জানান, ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবানের সাত উপজেলায় দুস্থ অসহায় ১৭৫০০ পরিবারের মাঝে ২’শ মেট্রিক টন চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া জেলার বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষুদের জন্য পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দান হিসেবে ৪শত ১৮টি সহায়তা প্রদান করা হবে।
এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, বান্দারবানের গরীব কর্মহীন ও অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সকালে শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে বিভিন্ন পরিবহন সংগঠনের ৯২৫ জন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এসময় জেলা প্রশাসক দাউদুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।