লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারে আগুনে পুড়েছে ৫টি দোকানঘর।
রবিবার (৩ মে) রাত ৯ টার দিকে উপজেলার বুড়িমারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পাটগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুড়িমারী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লাগে জাহিদুল ইসলামের দোকানঘর বিসমিল্লাহ স্টোর থেকে। এ সময় আগুন মুহূর্তে পার্শ্ববর্তী সংলগ্ন শ্রী মিন্টু রায়ের সোনার দোকানঘর রুপম জুয়েলার্স, শাহীন হোসেনের দুটি দোকান মা কসমেটিকস অ্যান্ড ডেকোরেটর ও মমিনুর ইসলামের দোকানঘর ভাই ভাই সেলুনসহ ৫টি দোকানঘর মূহূর্তে আগুনে পুড়ে যায়। এ সময় দোকানে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও মালামাল পুড়ে
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সব স্বপ্ন পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।