Friday, October 9

চেয়ারম্যান-সদস্য’র দ্বন্দ্ব, জমা হয়নি ত্রাণের তালিকা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ত্রাণের সুবিধা ভোগীদের তালিকা তৈরী নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ফলে ওই উপজেলার ১১ ইউনিয়নের ত্রাণ সুবিধাভোগীর তালিকা উপজেলা পর্যায়ে জমা হলেও এখন পর্যন্ত টংভাঙ্গা ইউনিয়নের তালিকা জমা হয়নি।

ওই ইউনিয়নের ১১ ইউ-পি সদস্য চেয়ারম্যান আতিয়ার রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগও করেছেন। তাদের অভিযোগ, সদস্যদের সাথে সভা না করে রেজুলেশন ছাড়াই ত্রাণ উত্তোলন করে চেয়ারম্যান একাই ত্রাণ বিতরণ করছেন।

টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ত্রাণের সুবিধা ভোগীদের তালিকা তৈরী নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। ১১ ইউ-পি সদস্য আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগও করেছেন। ওই অভিযোগে তারা দাবী করেছেন, আমি রেজুলেশন ছাড়াই ত্রাণ উত্তোলন করে একাই বিতরণ করছি। যা পুরো মিথ্যা ও ভিত্তিহীন।

করোনা পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে। যখনেই আমি ত্রাণ বরাদ্দ পাই তখনেই সদস্যদের সাথে কথা বলে তালিকা নিয়ে ত্রাণ বিতরণ করি। তারপরও এমন অভিযোগ দুঃখজনক। তবে আমাদের মাঝে সমঝোতার চেষ্টা চলছে, তালিকা প্রস্তুত রয়েছে। সমঝোতা হলেই তালিকা জমা দেয়া হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, ওই ইউনিয়নে ওয়ার্ড কমিটি’র সাথে ইউনিয়ন কমিটি’র দ্বন্দ্ব দেখা দেয়ায় তালিকা তৈরী সম্ভব হয়নি। কয়েকজন ইউ-পি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগও করেছেন। সম্ভবত তারা ইউনিয়ন পরিষদে আলোচনা করে তালিকা তৈরী করে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.