বান্দরবান প্রতিনিধি:: কয়েকদিন টানা বর্ষণের ফলে বান্দরবানে বিভিন্ন এলাকায় আবারও পাহাড় ধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সেখান থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে আহবান জানিয়েছেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় জরুরি মাইকিং করে সতর্ক বার্তা দেয়া হচ্ছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।
এদিকে কয়েকদিন টানা বর্ষণে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় কয়েক’শ ঘরবাড়ি, সরকারি-বেসরকারী কার্যালয় পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে বান্দরবান শহরের আর্মিপাড়া, ইসলামপুর ওয়াবদা ব্রীজ, মেম্বারপাড়া, মধ্যমপাড়া ও শেরেবাংলা নগরসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকা।
এ ব্যাপারে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা সদরসহ সাত উপজেলায় মাইকিং চলছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বলেছি। সেখানে তাদের খাবার-দাবার সবকিছু ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৫০৬ মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে। সাত উপজেলায় ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। স্বস্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ তার দায়িত্বে আছেন। প্রয়োজন হলে আমরা ১৩৫টি আশ্রয়কেন্দ্র খুলে দেবো।
উল্লেখ্য, প্রতিবছর এই বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধ্বসে প্রাণহানির ঘটনা ঘটে। তবে ঝুঁকির কথা জেনেও এসব এলাকায় বসবাস করে আসছে অধিকাংশ দরিদ্র ও নিম্নআয়ের মানুষরা।