Sunday, August 16

এবার তিন দফার বন্যায় বাংলাদেশের ৩৭টি জেলায় এক হাজার ৩২৩ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে-কৃষিমন্ত্রী

0

এবার তিন দফার বন্যায় বাংলাদেশের ৩৭টি জেলায় এক হাজার ৩২৩ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে  কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, তিন দফার বন্যায় ৩৭টি জেলায় সব মিলিয়ে এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ২ লাখ ৫৭ হাজার ১৪৮ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যায়, এরমধ্যে ১ লাখ ৫৮ হাজার ৮১৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। বন্যায় ১২ লাখ ৭২ হাজার ১৫১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া ২৩৫ কোটি টাকার সবজি এবং ২১১ কোটি টাকার পাটের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সংবাদ সম্মেলনে তা বিস্তারিতভাবে তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, এ বছর বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে।

কৃষিমন্ত্রী জানান, এবার বন্যায় ৩২ হাজার ২১৩ হেক্টর জমির ৩৩৪ কোটি টাকার আউশ ধান, ৭০ হাজার ৮২০ হেক্টর জমির ৩৮০ কোটি টাকার আমন ধান এবং সাত হাজার ৯১৮ হেক্টর জমির আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ১৭ কোটি ৫৪ লাখ টাকা কৃষি পুনর্বাসন কর্মসূচি হিসেবে দুই লাখ ৩৯ হাজার ৬৩১ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিতরণ শুরু হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, আরও প্রায় ৬৫ কোটি টাকার কর্মসূচি প্রক্রিয়াধীন রয়েছে। এই টাকা দিয়ে নয় লাখ ২৯ হাজার ১৯৪ জন ক্ষতিগ্রস্ত কৃষককে গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, খেসারি, পেঁয়াজ, মরিচ, টমেটো ইত্যাদি ফসল আবাদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ করা হবে।

কৃষিমন্ত্রী আরও জানান, ১৭ কোটি ৫৪ লাখ টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে স্বল্প ও মধ্যমেয়াদি বিভিন্ন সবজি চাষের জন্য বিনামূল্যে বীজ বিতরণ, কমিউনিটি ভিত্তিক বীজতলা তৈরির মাধ্যমে চারা উৎপাদন ও বিনামূল্যে বিতরণ, ভাসমান বেডে ধানের চারা উৎপাদন ও বিনামূল্যে বিতরণ, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের জন্য ট্রেতে নাবী জাতের আমন ধানের চারা উৎপাদন ও বিনামূল্যে বিতরণ এবং মাসকলাই বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এসএস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.