করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময়েও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই মহামারি। এরইমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। মৃত্যুর মিছিলও থামছে না। এরইমধ্যে এই মহামারিতে মৃত্যু ২৫ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে।
করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩১ লাখ ৭৬৯ জন। অন্যদিকে মৃত্যু ২৫ লাখ ৮ হাজার ৯২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৪৩১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৯৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১৭ হাজার ৩৭২ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।