রামু প্রতিনিধিঃকক্সবাজারের রামুতে করোনা আক্রান্ত হয়ে আবুল কালাম নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবুল কালাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। তিনি ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা গ্রামের বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক সদস্য ছৈয়দ আলমের বড় ছেলে।
করোনায় আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া। তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ২২ জুলাই রামু করোনা হাসপাতালে ভর্তি হন ঈদগড় ইউপি সদস্য আবুল কালাম। ঐদিনই তার নমুনা পরীক্ষা করানো হয়। পরদিন ২৩ জুলাই নমুনা পরীক্ষায় রির্পোটে করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে, ২৭ জুলাই ইউপি সদস্য আবুল কালামকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো এ প্রসংগে বলেন, বেশ কিছুদিন ধরে আবুল কালাম মেম্বার সর্দি-জ্বরে ভুগছিলেন। করোনা পজিটিভ হিসেবে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, তার পিতাও ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার পিতার পদাংক অনুসরণ করে এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। দীর্ঘ কর্মজীবনে এলাকার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন ইউপি সদস্য আবুল কালাম। ইউপি সদস্য আবুল কালামের মৃত্যুতে ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টেসহ এলাকাবাসী গভীরভাবে শোকাহত। শনিবার বিকাল ৫টায় পানিস্যাঘোনা মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।