Sunday, July 26

করোনায় অনলাইন নির্ভরতায় গুগল’র দ্বিগুণ মুনাফা

0

করোনা মহামারিতে গত দুই বছর ধরে নিউ নরমাল বিশ্বে ইন্টারনেটভিত্তিক কার্যক্রম বাড়ছে। কেননা এ সময়ে ঘরে বসে অফিস, ক্লাস, মিটিং এবং বিনোদনের মতো কাজ বেড়েছে।

অনলাইন কেনাকাটাও বেড়েছে। এরই প্রভাবে গুগলের মতো বৈশ্বিক ইন্টারনেট কোম্পানি ফুলেফেঁপে উঠছে। গুগলের দ্বিতীয় প্রান্তিকের আয়ে সার্চ ইঞ্জিন ও ইউটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে সার্চ ইঞ্জিন থেকে কোম্পানিটি আয় করেছে তিন হাজার ৫৮০ কোটি ডলার।

চলতি বছরের প্রথম প্রান্তিকের ধারাবাহিকতায় দ্বিতীয় প্রান্তিকেও রেকর্ড আয় করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল। গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ছয় হাজার ১৯০ কোটি ডলার আয় করেছে। এর মধ্যে কোম্পানিটি রেকর্ড মুনাফা করেছে এক হাজার ৮৫০ কোটি ডলার।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সার্চ ইঞ্জিন থেকে আয় বেড়েছে এক হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি। প্রতিষ্ঠানটি ইউটিউব থেকে আয় করেছে ৭০০ কোটি ডলার, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে গুগল ক্লাউড থেকে এখনও লাভের মুখ দেখেনি কোম্পানিটি। দ্বিতীয় প্রান্তিকে ৫৯.১ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে, একই সময়ে অ্যাপল ও মাইক্রোসফটও রেকর্ড মুনাফা অর্জন করেছে। এ সময়ে অ্যাপল, মাইক্রোসফট ও গুগলের মোট মুনাফা পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়েছে! এতে করে এই তিন প্রযুক্তি জায়ান্টের মোট বাজারমূল্য ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। করোনা মহামারি শুরুর প্রথমদিকের তুলনায় অঙ্কটি দ্বিগুণ হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.