আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, বিএনপি দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক ও ঠিকুজী হচ্ছে. সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক।
রবিবার (১৭ অক্টোবর) সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ- শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অপকর্মকারীদের কোন দল নেই, এরা হচ্ছে দুর্বৃত্ত।
জামায়াত ছাড়া বিএনপি অচল এবং জামায়েতের নির্ভরযোগ্য ছাতা হচ্ছে বিএনপি এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ভেতরে ভেতরে জামায়াত-বিএনপি মধুর বন্ধনে আবদ্ধ, যা কোনোদিন বন্ধ হবে না।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, সুযোগ পেলেই সোবল মারবে তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকার আহবান জানান ওবায়দুল কাদের।
১৯৭১ সালের পরাজিত শক্তিই ১৯৭৫ এর হত্যাকাণ্ড ঘটিয়েছিলো উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর হত্যার পর এই চক্রের বিষবৃক্ষ অনেক গভীরে ছড়িয়ে পড়েছে, এদের নিষ্ক্রিয় মনে হলেও এরা তলে তলে এখনো সক্রিয়, তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আবদুল হালিম এবং সভাটি সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।
পরে নেতৃবৃন্দকে সাথে নিয়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও দরিদ্র তহবিলে অনুদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন ওবায়দুল কাদের।