আগামীকাল সোমবার রাজধানীর ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
মোট আটটি কেন্দ্র থেকে এ টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম এ তথ্য জানান। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের এ টিকা দেওয়া হবে। এর মধ্যে আগামীকাল সোমবার একটি কেন্দ্র উদ্বোধন হবে, পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি সাত কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
মাঈদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ১২টি কেন্দ্র নির্বাচন করা হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আটটি কেন্দ্রকে টিকাদানের জন্য নির্বাচিত করা হয়।
রাজধানীর যে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল এন্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল। এর মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল এণ্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে সারাদেশেই এ কার্যক্রম চলবে।
স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সে তথ্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য যোগ হওয়ায় শিক্ষার্থীরা এখন নিবন্ধন করতে পারছে।
নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পরে টিকা নেওয়ার তারিখ ও কোন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে হবে, তা জানানো হবে। সুরক্ষা ওয়েবসাইটের টিকা কার্ড মেনুতে জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ দিয়ে টিকা কার্ড সংগ্রহ করা যাবে।