Sunday, August 9

চাঁদপুরে ডাকাতিয়ায় ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

0

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপ-পরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মো. আওয়াল মাঝি (৫০), মো. মোবারক হেসেন (৩৫), মো. নাসির হেসেন (৩২), আল-আমিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তারা চাঁদপুরে স্থানীয় ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্রলার শ্রমিক ফরিদ জানান, আমরা মাটি ভর্তি ট্রলার নিয়ে নদীর সাইড দিয়েই যাচ্ছিলাম। মমিনপুর এলাকা পার হবার সময় কুয়াশার কারণে উল্টো দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামের একটি বালুবাহী বাল্কহেড আমাদের ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলারটি পানিতে ডুবে যায় এবং ট্রলারে থাকা ১১ জনের মধ্যে ৬ জন তীরে উঠতে পারলেও ৫ জন নদীতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপ-পরিচালক শাহিদুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারেন। বাকীরা তলিয়ে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.