বান্দরবানের রুমা উপজেলায় গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সৈনিক ফিরোজ।
আইএসপিআর থেকে আজ বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।নিহত সেনা সদস্যের নাম হাবিবুর রহমান, তিনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তবে নিহত জনসংহতি সমিতির ৩ জনের নাম জানা যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, ‘বান্দরবনের রুমায় সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলা, এক সেনা সদস্য ও তিনজন সন্ত্রাসী নিহত।”
গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আর্মি ২৮ বীর রুমা জোন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে হতাহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩ টি দেশীয় বন্দুক, ৩ টি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে। এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।