চাঁদপুর কুমিল্লা সড়কের বলাখাল বাজারে পিকআপভ্যানচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- বলাখাল এলাকার জিল্লুর রহমান (৪৬) ও তার শিশুপুত্র বায়েজিদ (৮)।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ঘণ্টা খানেক সড়কে যান চলাচল বন্ধ রাখে।
নিহতের বড় ছেলে জুবায়ের বলেন, বলাখাল বাজারে আমার মালিকানাধীন দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর দোকানদারদের মিষ্টান্ন দিতে রাস্তা পেরিয়ে যাওয়ার পথে দ্রুত গতির পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার বলেন, দমকল বাহিনী ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ বলেন, দুর্ঘটনার পর চালকসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ দু’টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।