ন্যাশনাল ডেস্কঃ মুলকত আহাম্মদ হত্যা মামলার মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন চন্দ্র রায়কে গত ১৩ জুন (মঙ্গলবার) রংপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সুত্রে জানা যায়, আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে রংপুর জেলার মাহিগঞ্জ এলাকায় অবস্থান জানতে পেরে র্যাব-৭, ও র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী সুমন চন্দ্র রায় (৪৩), পিতা- হারাধন চন্দ্র রায়, সাং-পূর্ব দুর্গাপুর, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত এবং ৪০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করেন। সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নাম ও ঠিকানা পরিবর্তন করে ছদ্মনাম ধারণ করে দীর্ঘ ১৩ বছর রংপুর এলাকায় বসবাস করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, মোঃ মুলকত আহাম্মদ @ কালা মিয়া একজন সিএনজি অটোরিকশার চালক ছিলেন। বিগত ১৮ নভেম্বর ২০১০ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮০০ ঘটিকায় ভিকটিম ফেনীর পরশুরাম সিএনজি স্টান্ড হতে একজন যাত্রী নিয়ে ফুলগাজী থানাধীন মুন্সিরহাট নামক স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। এরপর থেকে ভিকটিমের আত্মীয়স্বজনরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পান। গভীর রাত হয়ে গেলেও ভিকটিম বাড়িতে ফিরে না আসায় তার আত্মীয়স্বজনরা শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন ১৯ নভেম্বর ২০১০ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় ভিকটিমের ভাই স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে ফুলগাজী থানাধীন ধলিয়া জগতপুর এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। পরবর্তী তিনি সেখানে উপস্থিত হয়ে অজ্ঞাত লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। নিহত ভিকটিমের ডান চোখের উপরে ধারালো অস্ত্রের রক্তাক্ত গভীর কাঁটা জখম এবং উভয় কানে, বাম চোয়ালে এবং পুরুষাঙ্গে রক্তাক্ত জখম দেখতে পাওয়া যায়। কিন্তু ভিকটিমের সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। উক্ত অমানবিক ও পাশবিক চাঞ্চল্যকর ঘটনাটি সে সময় সারাদেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আসামীরা দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত পুলিশের তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য শেষে আসামীদের অনুপস্থিতিতে গত ০৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ভিকটিম মোঃ মুলকত আহাম্মদ @ কালা মিয়া’কে হত্যার দায়ে আসামী সুমন চন্দ্র রায় (৪৩) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ০৩ জনকে মৃত্যুদন্ড প্রদান করেন।