চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাসচাপায় এক প্রবাসীর ছেলেমেয়ে নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই শিশু হলো— ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যাশিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) তারা ভাই-বোন। আহত হয় আবদুল গফুরের কন্যাশিশু নুসরাত জাহান (৫)।
স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।
এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন। মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর ইকবাল বাহার বলে, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।