নির্বাচনে ভোটারদের বহনের জন্য যানবাহন ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার স্বাক্ষরিত এক পরিপত্রে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।
পরিপত্রে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনয়নের জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন অথবা আচরণ বিধিমালা অনুসরণ করেন সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন গণপরিহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসি। আর ভোটগ্রহণের আগের দিন, ভোটগ্রহণের দিন ও পরের দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।