Thursday, August 6

জাতীয় সংসদের অধিবেশন ৩০ জানুয়ারি

0

আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন । অধিবেশনের সব প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

অধিবেশনের প্রথম দিনে নতুন সংসদ সদস্যদের উদ্দেশে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

এ বিষয়ে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী জানান, ৩০ জানুয়ারি থেকে দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হচ্ছে। এই সংসদের সরকার ও বিরোধী দলের সব সদস্যকে অধিবেশনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় পার্টি (জাপা) না, স্বতন্ত্র জোট, কারা হবে দ্বাদশ সংসদের বিরোধী দল, তা নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন কক্ষের আসন বণ্টনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সেখানে বিরোধীদলীয় নেতার আসনটি জাপা চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে তারা পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। যেখানে স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী। স্বতন্ত্রদের ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

এমন পরিস্থিতিতে আজ দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বতন্ত্রদের অবস্থান সরকারি দলে, নাকি বিরোধী দলে হবে, বৈঠকে তা নির্ধারণ করা হবে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.