পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের দুটি হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইফতারি বিক্রি করা হয় না। ফলে রোজা রেখে শিক্ষার্থীদের হলের কক্ষেই ইফতারি তৈরি করে নিতে হচ্ছে অথবা বিশ্ববিদ্যালয়ের ফটকে গিয়ে ইফতারি কিনতে হচ্ছে। এ নিয়ে প্রতিদিনই বাড়তি কষ্ট করতে হচ্ছে তাঁদের।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মেয়েদের শেখ হাসিনা হলের ডাইনিং ইফতারের সময় বন্ধ থাকে।
এ দুটি হলে প্রায় সাড়ে ৭০০ শিক্ষার্থী থাকেন। ইফতারের সময় ছেলেদের হলের বেশির ভাগ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ফটকের আশপাশের দোকানগুলো থেকে ইফতারি কিনে আনেন। আর মেয়েদের হলের বেশির ভাগ শিক্ষার্থী কক্ষেই ইফতারি তৈরি করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়ও ইফতারি বিক্রি করা হয় না।
বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ বা সংগঠন সেখানে অগ্রিম অর্ডার দিলেই ইফতারি পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ হাসিনা হলের এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস-পরীক্ষার মাঝেও কক্ষে ইফতারি তৈরি করতে হচ্ছে। হলের ডাইনিংয়ে ইফতারির ব্যবস্থা থাকলে রমজানে এই কষ্টটা করতে হতো না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. আমিরুল ইসলাম বলেন, ‘হলের ডাইনিংটি অনেক দিন থেকেই খারাপ।
ডাইনিং এখন যিনি চালাচ্ছেন তাঁর সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই, তিনি কেন ইফতারসামগ্রী বিক্রি করেন না সেটা আমার জানা নেই।’
শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. জিন্নাত রেহানা বলেন, ‘হলের হিটার অনুমোদিত হওয়ার কারণে বেশির ভাগ ছাত্রী কক্ষেই রান্না করে। হলের ডাইনিংয়ে গুটিকয়েক ছাত্রী খাওয়াদাওয়া করে। এ কারণে ইফতারির ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।’
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. শাহাজান আলী বলেন, ‘ক্যাফেটেরিয়া যাঁরা চালান তাঁদের আমরা ইফতারি বিক্রির কথা বলেছি। শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া থেকে কিনতে চান না বলে তাঁরা ইফতারি বিক্রি করছেন না। শিক্ষার্থীদের চাহিদা তৈরি হলে আগামী বছর ইফতারি বিক্রির ব্যবস্থা করা হবে।’