প্যারিস জলবায়ু চুক্তি প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

0

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় হওয়া প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর ‘অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। বিষয়টি অন্যায্য মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই তিনি আরো ‘ফেয়ার’ বা ‘ন্যায্য’ চুক্তির জন্য বিশ্ব নেতাদের সাথে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন। খবর বিবিসির।

প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে পারেন বলে আগেই শঙ্কা ছিল। এ নিয়ে নানা গুঞ্জনও ছিল। অবশেষে হোয়াইট হাউজে দেয়া এক বক্তৃতায় প্যারিস চুক্তি থেকে নিজের দেশের নাম প্রত্যাহার করার ঘোষণা দিলেন তিনি।

ট্রাম্প বলছেন, “আমি প্যারিসকে নয়, পিটসবুর্গের মানুষকে প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়েছি। আমি প্রতিজ্ঞা করছি, যেই চুক্তিতে অামেরিকার স্বার্থ দেখা হয়নি সেই চুক্তি থেকে আমরা নাম প্রত্যাহার করে নেবো, নতুবা এটি নিয়ে পুনরায় আলোচনায় বসতে হবে। “

ট্রাম্প মনে করছেন, এটি এমন একটি চুক্তি যার কারণে অ্যামেরিকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু লাভবান হবে অন্য দেশ। তাই এমন চুক্তি তিনি চান যা হবে যুক্তরাষ্ট্রের জন্য আরো বেশি ‘ন্যায্য’।

ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই দিনটি বৈশ্বিক সম্প্রদায়ের জন্য ব্যথিত হওয়ার দিন’।
প্যারিস চুক্তিতে অ্যামেরিকাসহ আরো ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল যে, বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে; এমনকি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনতে চেষ্টা করবে।

সূত্র: বিবিসি বাংলা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.