সারাদেশে বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পণ্ড করে দেয়া হচ্ছে। কোথাও কোথাও অনুমতি দিচ্ছে না, কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, হামলা হচ্ছে। তিনি আরও বলেন, শুক্রবার কেরানীগঞ্জে এ ধরণের ঘটনা ঘটেছে যা গণমাধ্যমেও এসেছে। এই ধরণের হামলা শুধুমাত্র রাজনৈতিক দলের ওপর হামলা নয়, এটা ধর্মীয় অনুষ্ঠানের ওপরও হামলা।এ হামলা থেকেই প্রমাণিত হচ্ছে, দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে তারা ধ্বংস করছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে জনপ্রিয় নেতানেত্রীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে বিরোধীদলকে নিষ্ক্রিয় বা স্তব্ধ করে দিতে চায়।রাঙ্গামাটিতে পাহাড়ীদের শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এর তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে শুক্রবার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের সশস্ত্র হামলার চিত্র তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুল করিম শাহীন, শাম্মী আখতার, যুবদলের মোরতাজুল করীম বাদরু প্রমুখ।