সংগঠনের দীঘিনালা উপজেলা সভাপতি ও সম্পাদকের নিঃশর্ত মুক্তি এবং লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ চলছে। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ এই অবরোধের ডাক দেয়।
অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। অবরোধ আহ্বানকারীরা সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার পুড়িয়ে সড়কে অবরোধ করে। শহরের স্বনির্ভর, চেঙ্গীব্রিজসহ কয়েকটি স্থানে পিকেটিং চোখে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের হাতে খুন হন রাঙামাটি জেলার লংগদু উপজেলার যুবলীগ নেতা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক নুরুল ইসলাম নয়ন। ওই ঘটনার জের ধরে শুক্রবার লংগদু এলাকায় কয়েক শ পাহাড়ির ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে বাঙালিরা। ওই ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার দীঘিনালায় পাহাড়ী ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের উপজেলা সভাপতি নিকেল চাকমা, সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।