হেফাজত ইসলামের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শাররীক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে একটি বেসরকারী হেলিকপ্টার (এয়ার এ্যাম্বুলেন্স) যোগে ঢাকায় গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেফাজত আমীরের আমীরের মুখপাত্র মাওলানা মুনির আহমদ এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে আহমদ শফীর বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফের বরাত দিয়ে হেফাজতের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহ আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, সোমবার সকালে হৃদরোগ ও শ্বাস কষ্ট বৃদ্ধি পেলে হুজুরকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআর-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।
এখানে হুজুরের চিকিৎসায় নিয়োজিত ছিলেন ডাঃ শামিম বক্স, ডাঃ কামাল আহমেদ ও ডাঃ ইব্রাহিমসহ সিনিয়র চিকিৎসকদের বিশেষ টিম। তিনি আরও জানান, বর্তমানে শ্বাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি।
এছাড়াও প্রবীণ এ আলেম বিশ দিন যাবৎ মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেয়া হচ্ছে।
তাঁর অবস্থার অপরিবর্তিত থাকায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেয়া হয়েছে।
মাওলানা ইউসুফ তার বাবা আল্লামা আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য।