আপনার অফিসের ডেস্ক থেকে বাইরে মনোরম দৃশ্য দেখা গেলে কেমন দারুণ হতো! নাসার মহাকাশচারী জ্যাক ফিশচার সম্প্রতি তার অফিসের তেমনই কিছু ছবি প্রকাশ করেছেন। সে ছবিগুলোতে উঠে এসেছে তার কর্মক্ষেত্রের অসাধারণ চিত্র। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
ফিশচার কাজ করেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। আর বর্তমানে তিনি সে কাজের অংশ হিসেবে মহাকাশেই অবস্থান করছেন। তার বসার ডেস্কটি মহাকাশ কেন্দ্রের এক কোনে রয়েছে। সেখান থেকেই পৃথিবীর দারুণ দৃশ্য দেখা যায়।
সম্প্রতি তিনি তার ক্যামেরায় তোলা দারুণ দৃশ্যগুলো টুইট করেছেন। এ সময় তিনি মন্তব্য করেছেন, ‘আমার আগে কখনোই দৃশ্য দেখার সুবিধাসহ কর্নার অফিস ছিল না। কিন্তু এখন আমার বলতেই হবে, আমার এটি ভালো লাগছে…. দারুণ ভালো লাগছে। ’
ফিশচার বর্তমানে তার প্রথম মিশনে মহাকাশে রয়েছেন। তিনি ২০১৭ সালের ২০ এপ্রিল থেকে তিনি মহাকাশের গবেষণাগারে কাজ করছেন এবং পৃথিবী প্রদক্ষিণ করছেন। আগামী সেপ্টেম্বরে তিনি পৃথিবীতে ফিরে আসবেন।