একাদশে সুযোগ পেয়েই ভেলকি দেখাচ্ছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। অন্যদিকে বল হাতে নিষ্প্রভ থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিল্ডিংয়ে তাসকিনের সঙ্গে জুটি বেঁধেছেন।
অভিজ্ঞ টেইলরকে সেই মুস্তাফিজের ক্যাচেই পরিণত করলে তাসকিন। এটি তার দ্বিতীয় উইকেট। আউট হওয়ার আগে ৮২ বলে ৬ বাউন্ডারিতে ৬৩ রান করেন টেইলর। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেটে ২০১ রান।
এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ বোলিং করেন অধিনায়ক মাশরাফি। প্রথম ২ ওভারে ১ রান দেন তিনি। বেদম মার খাওয়া মুস্তাফিজের জায়গায় বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলতে নেমে তরুণ এই পেসার ফিরিয়েছেন লুক রঞ্চিকে (১৬)। তাসকিনের বাড়তি গতির জন্য টাইমিং ঠিক হয়নি নিউ জিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। উড়ানোর চেষ্টায় সহজ ক্যাচ যায় মিড অনে মুস্তাফিজের হাতে।
উইকেট তুলে নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখেন রুবেল হোসেন। এই গতিতারকা বিধ্বংসী কিউই ওপেনার মার্টিন গাপটিলকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন। দলীয় ৬৯ রানে ২য় উইকেট হারায় নিউজিল্যন্ড। এরপর তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অভিজ্ঞ রস টেইলর। গড়েছিলেন। তবে সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন কিউই দলনেতা। আউট হওয়ার আগে তিনি ৬৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান করেন।