আগামী আগস্ট-সেপ্টেম্বরেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টিম অস্ট্রেলিয়া। এজন্য শুক্রবার তারা ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।
ঘোষিত এই দলে রয়েছেন- স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), অ্যাস্টন অগার, হিল্টন কার্টরাইড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জোশ হ্যামজেলউড, উসমান খাজা, নাথান লিয়ন, গ্রেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশউ ও ম্যাথিউ ওয়েড।
এর মধ্যে জেমস পিটারসন দীর্ঘ দিন ইনজুরিতে ভোগার পর বাংলাদেশের বিপক্ষে প্রথম মাঠে নামবেন। তিনি ২০১৬ সালের ফেব্রুয়ারির পর আর খেলতে পারেননি।
আগস্টে দুটি টেস্ট খেলতে টিম অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে বলে গত এপ্রিলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
ওই সময়ে দুবাইয়ে আইসিসির সভার বাইরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড পিভার সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে এ সফর চূড়ান্ত হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু অস্ট্রেলীয় সরকার এক সতর্কবার্তায় বলেছিল, নির্দিষ্ট করে ঠিক সফরের ওই সময়টি উগ্রবাদীদের অস্ট্রেলীয় ‘স্বার্থে’র ওপর জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। সফর স্থগিত করে তারা জানিয়েছিল, নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে পরে বাংলাদেশ সফরে আসবে স্মিথ বাহিনী। দুই বছর হলেও অস্ট্রেলিয়া ও বাংলাদেশের টেস্ট সিরিজ আলোর মুখ দেখতে যাচ্ছে।ফলে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
তবে এ বছরের শুরুতেই বাংলাদেশে সফরের নিশ্চয়তা দেয় অস্ট্রেলিয়া। সে প্রতিশ্রুতি পূরণে আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের মূল বোলিং ভরসা মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশে আসছে স্টিভ স্মিথের দল। চোট থেকে মাত্র ফেরা স্টার্ককে পুনর্বাসনের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত। ভারতে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ড গড়া বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফেরও জায়গা হয়নি দলে। দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট।
সফর সূচি:
প্রস্তুতি ম্যাচ
২২-২৩ আগস্ট, ফতুল্লা
১ম টেস্ট
২৭-৩১ আগস্ট, ঢাকা
২য় টেস্ট
৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম