তিন দিনব্যাপি শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১৭ জুন থেকে ১৯ জুন অনুষ্ঠিত তিন দিনব্যাপি এই প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড ফোরামের ৩১ জন শিশু এবং ৫ জন সহায়ক অংশগ্রহণ করে। এতে প্রশিক্ষক ছিলেন শিশু সাংবাদিকতা বিষয়ে অভিজ্ঞ উন্নয়ন সংগঠক ও সাংবাদিক এবং শিশু-কিশোর-কিশোরী ও যুবগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে কর্মরত সংগঠন ভোরের আলো’র প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম খান। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রাম এডিপি ম্যানেজার ড. স্যামুয়েল প্রাণতোষ সাংমা, স্পন্সরশীপ ম্যানেজার সরোজ হিউবার্ট গ্রেগরী, চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস, সিস্টেম অফিসার সঞ্জয় মল্লিক এবং মাসিক কাট্টলী বার্তা’র স্টাফ রিপোর্টার আজহার শাওন।
মোট ৩৭ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ড. স্যামুয়েল প্রাণতোষ সাংমা বলেন, সমাজের বিশেষত শিশু-কিশোর-কিশোরীদের সমস্যা, সম্ভাবনা, অধিকার ভিত্তিক সংস্কৃতিকে সাধারণ পাঠকের মাধ্যমে রাষ্ট্রের সর্বস্তওে পৌঁছে দিতে কাজ করবে শিশু সাংবাদিকরা। নিজেদের চোখের সামনে ঘটা শিশু অধিকার লঙ্ঘণজনিত ঘটনাসমূহ লেখনীর মাধ্যমে সমাজের সামনে তুলে ধরাই হবে শিশু সাংবাদিকদের প্রধানতম কাজ।
প্রধান প্রশিক্ষক মো. শফিকুল ইসলাম খান বলেন, ভারতে যদি বিশ্বের একমাত্র পত্রিকা যা কিনা পথশিশু ও কর্মজীবী শিশুদের দ্বারা প্রকাশিত হয়, তবে বাংলাদেশের শিশুরা কেন পিছিয়ে থাকবে? আমরা প্রত্যেকেই চেষ্টা করবো নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি পড়ে, জেনে, বুঝে শিশু-কিশোর-কিশোরীদের সমস্যাগুলো লেখনিতে তুলে ধরতে। নিয়মিত লেখার চর্চা যেমন রাখতে হবে, তেমনি তা প্রকাশের জন্য প্রয়োজনীয় চেষ্টাও করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.