বিজয় কুমার, সাঘাটা (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দূর্গম চরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একপক্ষের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে আজাহার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, মঙ্গলবার ভোর রাতে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) এ হামলার ঘটনা ঘটে। এতে খোলাবাড়ি গ্রামের সাত্তার বাহিনী একই গ্রামের লাল মিয়ার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আজাহার আলী গুলিবিদ্ধসহ ৮/১০ জন আহত হন।
ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভোর রাতে খোলাবাড়ি গ্রামের সাত্তার তার বাহিনী নিয়ে লাল মিয়ার পরিবারের ওপর ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সাত্তারের লোকজন এলোপাথারি গুলিবর্ষণ করে। এতে লাল মিয়ার প্রতিবেশী আজাহার আলী গুলিবিদ্ধসহ ৮/১০ জন গুরুত্বর আহত হন।
পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আজাহার আলীর মৃত্যু হয়। এরপর সাত্তারের লোকজন সকাল সাড়ে ৮টার দিকে পূণরায় লাল মিয়ার পরিবারের ওপর হামলা চালালে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, এ ঘটনায় ফুলছড়ি ইউনিয়ন জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই রবিউল ইসলাম।