স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করার প্রয়োজন পড়বে না। এ বিষয়ে বাহিনীর পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।
আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. জুলফিকার আলী হায়দারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে থাকেন। গেজেটভুক্ত করার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ নিশ্চিত হওয়া সাপেক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে থাকেন।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যদি কখনো কোনো সশস্ত্র বাহিনীর অন্তর্গত মুক্তিযোদ্ধার ব্যাপারে, কেউ মুক্তিযোদ্ধা কি না এরূপ প্রশ্ন বা বিতর্ক সৃষ্টি হয় তাহলে বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীর কর্তৃপক্ষের প্রতিনিধি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে বাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হবে।’