ভারতের সঙ্গে ওয়ানডে খেলতে চায় না বাংলাদেশ!

0

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ মানেই বাইশ গজে উত্তেজনা। তবে ব্যস্ত সূচির কারণে ভারতের মাটিতে একদিনের সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ। দু’মাস পর অক্টোবরে, দক্ষিণ আফ্রিকা সফরের পর বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বিসিবি। সেই কারণেই ভারতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবে না বাংলাদেশ। বিসিসিআই আগেই এই টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশকে। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ভারতে আসতে পারবেন না তারা।  খবর – এবেলার

জানা গেছে, আগামী অক্টোবরে বিসিসিআইয়ের পরিকল্পনায় ছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার। তবে ওই সময় ব্যস্ত থাকবেন মাশরাফি-মুশফিকরা। সেই কারণে ভারতের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বিসিসিআই-য়ের থেকে আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে। দুর্ভাগ্যবশত সিরিজের জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই। বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা থেকে ২৮ অক্টোবর দেশে ফিরবে। তবে ভারতীয় বোর্ড ২৮ তারিখের আগে টুর্নামেন্ট শুরু করতে চাইছে। তাই সম্ভব হচ্ছে না এই সিরিজে খেলা। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল রয়েছে। সেটার তারিখ পরিবর্তন করলে গোটা সফরসূচি ওলোটপালট হয়ে যাবে। তাই ভারত যদি সময় পরিবর্তন না করে, তাহলে ত্রিদেশীয় সিরিজে খেলা আমাদের পক্ষে সম্ভব নয়।

প্রসঙ্গত, অক্টোবর মাসের ২৯ তারিখে দ্বিতীয় টি-২০ ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। দেশে ফিরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেবেন সেই দেশের ক্রিকেটাররা। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে বিপিএল-এর পঞ্চম আসর। চলবে গোটা নভেম্বর মাস জুড়ে। তাই ভারতীয় বোর্ডের আমন্ত্রণ সত্ত্বেও সময়সূচি না মেলার কারণেই ভারতে আসছে পারবেন না সাকিব-মুস্তাফিজুররা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.