গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘ ১৩ বছর পর আগামী ২০ জুলাই মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করেছেন সংগঠনের উর্দ্ধতন অভিভাবকগন। দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলন কে ঘিরে দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে প্রাণসঞ্চার হতে শুরু করেছে।
মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহরিয়ার কবির বিপ্লব জানান, মুকসুদপুর-কাশিয়ানী থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি’র নির্দেশ ক্রমে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জনি জানান, আমরা সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নির্দেশে এ সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে তিনি আরোবলেন, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের অধীনে বেশ কিছু কমিটি রয়েছে। আমাদের নতুন কমিটি ঘোষনা করার পরে বিভিন্ন পর্যায়ে পৌরসভা, ইউনিয়ন ও কলেজ কমিটি করা হবে। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একজন নেতা বলেন, সেই কবে মেয়াদোত্তীর্ণ হলেও অজানা কারণে আজও উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়নি। হঠাৎ করে সম্মেলনের তারিখ ঘোষণা করায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। মুকসুদপুরে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ সম্মেলনে সংসদ সদস্য মুঃ ফারুক খানসহ আওয়ামীলীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।