আজ সোমবার সকাল ৭টা ৪৫মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজফ্লাইট বিজি-১০১১ ৪১৯ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় বিমান বন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানান। এ সময় তাঁরা উড়োজাহাজের অভ্যন্তরে হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বিঘ্নে হজ পালনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রাশেদ খান মেনন বলেন, টাস্কফোর্স নিয়মিত মনিটরিং করছে। কোন ধরণের অনিয়ম হবে না। তিনি আরো বলেন, হজ যাত্রীদের উপর আরোপিত কর মওকুফ করেছেন প্রধানমন্ত্রী। একই দিনে হজফ্লাইট বিজি-৩০১১ সকাল ১১ট ৫৫ ৪১৯ জন, বিজি-৭০১১ বিকাল ১৯টা ৫৫মিনিটে ৪১৯জন এবং শেড্যুল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১২৭১৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬৩৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ জেদ্দা যাবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, দুইমাস ব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শেড্যুল ফ্লাইটসহ মোট ৩৪৬ টি ফ্লাইট পরিচালনা করা হবে। যার মধ্যে ২৮৩ ডেডিকেটেড এবং ৬৩টি শেড্যুল ফ্লাইট রয়েছে। ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রি-হজ-এ মোট ১৭৭টি ফ্লাইট পরিচালনা করা হবে(ডেডিকেটেড-১৪৪ এবং শেড্যুল-৩৩)। এবং পোস্ট-হজে ১৬৯টি ফ্লাইট চলবে ০৬ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত।