শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে, নৌকার সঙ্গে থাকতে হবে।
আজ শুক্রবার দুপুরে শেরপুরের নকলায় টিআর, কাবিখা ও স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নকলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মতিয়া চৌধুরী বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। একমাত্র কারিগরি ও প্রযুক্তিনির্ভর সুশিক্ষায় গড়ে ওঠা নাগরিকই সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। তাই টিআর, কাবিখার টাকা যাতে অপচয় না হয়, সে জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশের অন্যতম প্রধান শত্রু। এরা দেশের যুবসমাজকে ধ্বংস করছে। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। নতুন আইনে কোনো ব্যক্তির কাছে ২০০টির বেশি ইয়াবা পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলকে জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য নদী, খাল, বিল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী নকলা উপজেলার ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৯০ জোড়া বেঞ্চ ও ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১ বান্ডিল ঢেউটিনসহ ৩৭ লাখ ২২ হাজার ৫০০ টাকার অনুদানের চেক বিতরণ করেন।