আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মোড়ে চিলমারী-কুড়িগ্রাম সড়কে চিলমারী প্রেস ক্লাবের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক, বীরমুক্তিযোদ্ধা, ছাত্র, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, দৈনিক যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, সহকারী অধ্যাপক আব্দুর রউফ সরকার, এলপি গ্যাস ব্যবসায়ী আল আমিন, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, চিলমারী উপজেলায় ২৪ ঘন্টার বিদ্যুৎ সরবরাহ, মাসের পর মাস মিটার ভাড়া আদায় না করা এবং ভুতুরে বিল বন্ধ করা, আবাসিকের ক্ষেত্রে ২৪ ঘন্টা এবং অন্যান্য ক্ষেত্রে ৩ কর্ম দিবসের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গ্রাহক হয়রানী বন্ধের দাবী জানান।
পরে আরো কঠোর কর্মসূচী গ্রহণের ঘোষণা দেয়া হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।