Thursday, November 19

মুক্তামনির রক্তনালিতে টিউমার

0

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির বায়োপসি রিপোর্টে তার রক্তনালীতে টিউমার ধরা পড়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের চিকিৎসকরা। এতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। জীবনরক্ষার জন্য মুক্তামনির হাতও কাটতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বায়োপসি রিপোর্ট পাওয়ার পর আজ মঙ্গলবার সকালে ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ কথা জানান। এর আগে গত শ‌নিবার সকালে মু্ক্তামনির বায়োপ‌সি করা হয়। এর রিপোর্ট পাওয়া যায় সোমবার।

তবে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এ বিষয়ে তারা আরও পর্যবেক্ষণ করবেন। এরপর করণীয় নিয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

শনিবার সকালে বায়োপ‌সির পর মুক্তামনির আক্রান্ত স্থান দিয়ে বেশ কয়েকবার রক্তক্ষরণ হয়। এরপর ওইদিন দুপুর ও বিকালে তাকে তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে নেয়া হয়। তাকে বার্ন ইউ‌নিটের আই‌সিইউ- ৫ নম্বর বেডে রাখা হয়েছে।

রোববার বোর্ড প্রধান প্রফেসর আবুল কালাম যুগান্তরকে জানিয়েছিলেন, মুক্তামনিকে নি‌বির পর্যবেক্ষণে রাখা হয়েছে। বায়োস‌পির রি‌পোর্ট পাওয়ার পর বর্তমান বোর্ডের পাশাপা‌শি আরেক‌টি বোর্ড গঠন করা হবে। তি‌নি বলেন, আমরা চেষ্টা চা‌লিয়ে যা‌চ্ছি, তার হাত‌টি রেখেই চি‌কিৎসা চা‌লিয়ে যা‌চ্ছি। প্রয়োজন হলে হাত‌টি কাটাও হতে পারে।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

মুক্তামনির চিকিৎসার জন্য বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ।

এরই মধ্যে তার বায়োপসি শেষে রিপোর্ট প্রকাশ হলো। রিপোর্টে মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পড়েছে বলে জানালো চিকিৎসকরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.