১৫ই অাগস্টে ধানমণ্ডিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রবিবার সকাল ১১টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সামনে নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
ডিএমপি কমিশনার বলেন, শোক দিবসে ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ক্যামেরা থাকবে; বেশ কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে জাদুঘরে ঢুকতে হবে। ধানমণ্ডি লেকে নৌ পুলিশ ও ফায়ার ব্রিগেডের টহল থাকবে; ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াত টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
মঙ্গলবার সকালে যারা ৩২ নম্বর এলাকায় আসবেন তাদের ট্রলি ব্যাগ, টিফিন ক্যারিয়ার, ফ্লাস্ক, ছুরি, চাকু-কাঁচি ও লাইটার বহন না করতে আছাদুজ্জামান অনুরোধ জানান।
রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত মোটরসাইকেল পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার, ধানমণ্ডি ২৭ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত সড়কে যান চলাচল সকাল ৬টা থেকে বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, স্পিকার ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদনের পর জাদুঘর জনগণের জন্য খুলে দেওয়া হবে। এর পরপরই পরিস্থিতি বুঝে যত দ্রুত সম্ভব যান চলাচলের জন্য সড়ক খুলে দেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।
সকাল সাড়ে ৭টায় বনানীতে ১৫ই অাগস্টে নিহতদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন ভিআইপিরা। এসময় ধানমণ্ডি ৩২ নম্বরের এক কিলোমিটার এলাকাজুড়ে আবাসিক হোটেল, বাণিজ্যিক স্থাপনা, সন্দেহজন দোকানপাট ও বাসাবাড়ি তল্লাশি চালাতে ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
যে সকল রাস্তা বন্ধ থাকবে
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট এ ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক যে সকল রাস্তা বন্ধ থাকবে এবং কোথায় পার্কিং করা যাবে না। ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার।
এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে গমনাগমনের পথ সম্পর্কে কমিশনার বলেন- ভিভিআইপি, ভিআইপি এবং উধ্বর্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ মানিক মিয়া এভিনিউ- মিরপুর রোড- ধানমন্ডি ২৭নং ক্রসিং-মেট্রো শপিং মল ডানে মোড়- ধানমন্ডি ৩২ নং পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবে এবং একই পথে বাহির হয়ে যাবেন। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান, দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমন্ডি ৩২ নং এর পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম প্রান্ত দিয়ে বাহির হয়ে যাবেন। নির্ধারিত স্থান ব্যতীত পার্কিং করা যাবে না।
যানবাহন চলাচল ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন- সোনারগাঁও ক্রসিং হতে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সিটি কলেজ হতে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ধানমন্ডি ২৭ নং হতে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাসেল স্কয়ার হতে সোবহানবাগ মসজিদ পর্যন্ত সকল প্রকার পার্কিং নিষিদ্ধ থাকবে।
ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত স্কেচম্যাপ মোতাবেক জনসাধারণকে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বসাধারণের চলাচল ব্যবস্থা সম্পর্কে বলেন- সর্বসাধারণের জন্য ধানমন্ডি ৩২নং-এ গমনাগমন একমুখী হবে।
পূর্ব দিক দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম দিক দিয়ে প্রস্থান করবেন। দ্রুততম সময়ে শ্রদ্ধাজ্ঞাপন করে অন্যকে সুযোগ দেওয়া ।
মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে ঢাকার বনানীস্থ কবরস্থান পর্যন্ত গমনাগমনে রোড প্রটেকশন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিগণ ধানমন্ডি ৩২নং ত্যাগ করার পর পর্যায়ক্রমে ব্যারিকেড ব্যবস্থা শিথিল করা হবে।