Thursday, November 19

মুক্তামনির ড্রেসিং সম্পন্ন

0

রক্তনালীর টিউমার অপারেশনের ৫ দিন পর আজ বুধবার মুক্তামণির ক্ষতস্থানের ড্রেসিং সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টা ধরে তার ড্রেসিং করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা। পরে ফের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে মুক্তামণিকে।

মুক্তার বাবা ইব্রাহিম হোসেন জানান, ড্রেসিংয়ের সময় তিন ব্যাগ রক্ত জোগাড় করে রাখা ছিল। দুই ব্যাগ ড্রেসিংয়ের সময় লেগেছে, বাকি এক ব্যাগ রক্ত প্রয়োজনে দেওয়া হবে।

এর আগে গত শনিবার মুক্তামণির রক্তনালীতে অস্ত্রোপচার করে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকরা। তার অপারেশন ও সার্বিক চিকিৎসায় ২০ সদস্যের একটি টিম গঠন করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ জানান, মুক্তামণি ভালো আছে। তার সার্বিক অবস্থা আশানুরূপ। সকালে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করে ড্রেসিং পরিবর্তন করা হয়েছে। তার জ্ঞান ফিরেছে। মুক্তামণি এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে বলে জানান এই চিকিৎসক।

প্রসঙ্গত, বিরল রোগে আক্রান্ত মুক্তামণিকে গত ১১ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ভর্তির পর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১২ আগস্ট তার হাতে প্রথম অস্ত্রোপচার করা হয়। ওই দিন থেকেই মুক্তামণি বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন।
জাতীয় বার্ন ইউনিটের প্রধান সমম্বয়কারী প্রফেসর ডা. সামন্ত লাল সেন যুগান্তরকে বলেন, চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় কবে অস্ত্রোপচার হবে তা চূড়ান্ত করা হবে।

বার্ন ইউনিটের পরিচালক ও মুক্তামণির চিকিৎসায় গঠিত বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম জানিয়েছেন, মুক্তামণির আরও প্রায় ৬-৭টি অস্ত্রোপচার লাগবে।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির জন্মের দেড় বছর বয়স থেকে ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে যায়। একপর্যায়ে এ শিশু বিছানাবন্দী হয়ে পড়ে।

মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.