২০ জুলাই, ২০০০। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলের কাছে শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল জঙ্গিরা। এরপর আরও অন্তত তিনবার একই চেষ্টা করে তারা। সর্বশেষ হত্যাচেষ্টা হয় ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায়। তাতে আওয়ামী লীগ সভানেত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মারা গেছেন ২২ জন নেতা-কর্মী। আজ ভয়াবহ সেই গ্রেনেড হামলার ১৩ বছরপূর্তি।
ওই হামলায় নিহত হন দলটির মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমানসহ (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) ২৪ জন। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী।
সেদিনের হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর অনেকেই গ্রেনেডের স্পিন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। হাত-পা, চোখসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়ে অমানবিক জীবনযাপন করছেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফও মাথায় বিঁধে থাকা স্পিন্টারের যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ইতিহাসের সবচেয়ে বড় ভয়াল ও বীভৎস এই হামলা। হামলার পর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ‘জজ মিয়া’ নাটক সাজিয়ে ঘটনাটিকে ভিন্নদিকে নেয়ার অপতৎপরতা চালায়। তবে দ্বিতীয় দফায় অধিকতর তদন্তে বেরিয়ে আসে হামলার নেপথ্যের নীলনকশা।
দ্বিতীয় দফায় চার্জ গঠন হয়েছে। কিন্তু এতদিনেও শেষ হয়নি এ মামলার বিচার কাজ। এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে ওই ঘটনার মূল কুশীলবদের ১৮ জন।
এ ব্যাপারে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘দীর্ঘদিনেও বিচার শেষ না হওয়ার অনেক কারণ রয়েছে। এর অন্যতম হল- তদন্তকালে ‘জজ মিয়া’ নাটক সাজিয়ে এ মামলাটি বিপথে নেয়ার চেষ্টা হয়েছিল।