Thursday, November 19

চিরনিদ্রায় শায়িত হলেন নায়করাজ

0

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক চিরনিদ্রায় শায়িত হলেন । আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। যদিও গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা ছিল।

নায়করাজের মরদেহ দাফনের সময় তার বড় ছেলে বাপ্পা রাজ, পরিবারবর্গ ও অভিনয় জগতের অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রাজ্জাককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরে সেখানে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখান থেকে মঙ্গলবার সকালে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় গুলশানের বাসভবন ‘লক্ষ্মীকুঞ্জ’-তে। মরদেহ সেখানে পৌঁছতেই স্বজনদের কান্না-আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশ। সেখান থেকে বেলা ১১টায় মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় কর্মস্থল এফডিসিতে।

এরপর মঙ্গলবার সকাল ১১টার পর এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ব্যক্তিগতভাবে রাজ্জাককে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা আলমগীর, চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, সুচন্দা, ববিতা, চম্পা, শাবনূর, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, জয়া আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, ফেরদৌস, আমিন খান, রুবেল, আহমেদ শরীফ, ওমর সানি, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, প্রমুখ অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.