কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

0

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরমান আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকার একটি মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ে এ ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আরমান আলী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে। পুলিশের দাবি, আরমান নব্য জেএমবির সদস্য ছিলেন।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, একদল দুষ্কৃতিকারী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ের বটতলায় গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য দুষ্কৃতিকারীরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ আরমান আলীকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত আরমান নব্য জেএমবির সদস্য এবং তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তিনি ‘বন্দুকযদ্ধে’র ঘটনায় দৌলতপুর থানার এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনষ্টেবল সজিব এবং নওশাদও আহত হন বলেও জানান তিনি।

এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.