ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর আনন্দে এমনিতেই বিভোর ক্রিকেটার আর ভক্তরা। সেই সঙ্গে যোগ হয়েছে ঈদুল আজহার আনন্দ। আর সেই খুশি ভর করেছে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মধ্যেও। জন্মস্থান নড়াইলে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করছেন তিনি।
শিকড়ের টানে মাশরাফি প্রায়ই ছুটে আসেন নিজের শহর নড়াইলে। শত ব্যস্ততার মধ্যেও ঈদ নিজের বাড়িতেই করা চাই তাঁর। পরিবারের সঙ্গে ঈদ করা সব সময়ই উপভোগ করেন নড়াইল এক্সপ্রেস। আজ শনিবার সকালে দলবল নিয়েই হাজির হয়েছিলেন নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহে। মাথায় টুপি, পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি, পায়ে চামড়ার স্যান্ডেল। সঙ্গে ছিলেন মামা নাহিদুল ইসলাম, ছোট ভাই সিজার ও তাঁর বন্ধুরা। তবে এবার সঙ্গে ছিল না ছেলে সাহেল।
নামাজ শেষে সবার আগ্রহের কেন্দ্রেই ছিলেন মাশরাফি। প্রিয় তারকার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। মাশরাফি জনতার সেই ইচ্ছা মিটিয়েছেন ধৈর্যের সঙ্গে।
ঈদের নামাজে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেছেন মাশরাফি। তিনি জানিয়েছেন, দিনের বাকি সময়টুকু কাটাবেন প্রিয়জনদের সঙ্গে।