রোহিঙ্গা গণহত্যা বন্ধে শুক্রবার ঢাকায় গণজাগরণের র‌্যালি

0

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নির্মম গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার ঢাকায় র‌্যালি করবে গণজাগরণ মঞ্চ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিকাল ৩টায় এই র‌্যালিতে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দল-মত-ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে মানবতার এই দুঃসময়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, আসুন সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার এই র‌্যালিতে অংশগ্রহণ করি। সারাবিশ্বকে জানিয়ে দেই বাংলাদেশের মানুষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে আছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ সেখানকার সামরিক জান্তার নির্মম গণহত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেয়ার মত ঘটনা। প্রতিদিন বাংলাদেশ সীমান্তে আসছে নারী-শিশু নির্বিশেষে ঘরহারা লখো মানুষ। সাগরে কচুরিপানার মতো ভেসে আসছে মানব শিশুর লাশ। নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে জোরালো ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের সরকারকে এই বর্বর গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.