আন্তর্জাতিক মানদণ্ডে চট্টগ্রাম বন্দর ২৭ ধাপ এগিয়েছে : নৌপরিবহনমন্ত্রী

0

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক দুই মেয়াদের ক্ষমতায় আন্তর্জাতিক মানদণ্ডে চট্টগ্রাম বন্দর ২৭ ধাপ এগিয়েছে।

শুক্রবার সকালে দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে এর সম্প্রসারণের অংশ হিসেবে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী একথা জানান।

শাজাহান খান বলেন, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম। বর্তমানে ২০১৭ সালে তা উন্নীত হয়ে ৭১তম ধাপে উঠে এসেছে। এটি বর্তমান সরকারের বড় সাফল্য বলে আমি মনে করি।’

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে তিনি বলেন, ‘এটি দীর্ঘদিন জমাট বেধে ছিলো, রক্ত সঞ্চালন হচ্ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের হৃদপিণ্ড অপারেশন করে তা সচল করেছেন। শুধু চট্টগ্রাম বন্দর নয়, প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে প্রমাণ করেছেন রাষ্ট্র পরিচালনায় তিনি দক্ষ। একজন দক্ষ চালকের মত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শাহজাহান খান বলেন, ‘নির্বাচনে এসে প্রমাণ করুন- জনগণ আপনাদের পক্ষে রয়েছে। বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে ক্ষমতায় আসতে চেয়েছিলো- সেই কারণেই কিন্তু জনগণ এখন শেখ হাসিনার পক্ষে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। বাসস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.