নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্রান্ড হায়াত হোটেলে অব্স্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে নির্ঘুম রাত কাটিয়েও দেখা করতে পারছেন না যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে আসা শত শত দলীয় প্রবাসী নেতাকর্মী। তবুও কারো মনে কোনো আফসোস নেই।
আর এটি জানার পর থেকে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলীয় প্রবাসী নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হোটেলে ছুটে আসছেন। কিন্তু দলের সীমিত কিছু নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলেও বাকিদের হতাশ হয়ে ঘরে ফিরে যেতে হয়।
এ প্রসঙ্গে প্রবাসী একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে কথা হলে তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ না হলেও তাঁদের মনে কোনো আফসোস নেই। কারণ তাঁরা সকলেই তাঁদের প্রিয় জননেত্রী শেখ হাসিনাকে সরাসরি দেখবেন আজ মঙ্গলবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার এলাকায় ম্যারিয়ট মারকুইস হোটেলের বলরুমে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। এরপর তিনি জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউস’ শীর্ষক বৈঠকে যোগ দেন।
এ ছাড়াও তিনি ওই দিন রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও কথা বলেন। একই দিন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সঙ্গেও বৈঠক করেন তিনি।